০৩ নভেম্বর, ২০২২ ১৯:১৬
বিএনপি বেশি বাড়াবাড়ি করলে দণ্ডিত অপরাধী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বিএনপির উদ্দেশে এই হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের জেল হয়েছে। তিনি দণ্ডিত অপরাধী। তবে হ্যাঁ, তিনি অসুস্থ এবং বয়োবৃদ্ধ। তার বোন, ভাই ও বোনের জামাই আমার কাছে এসেছেন; আবেদন করেছেন।
‘আমরা সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি। কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার তাকে জেলে পাঠিয়ে দেবো।’
বিএনপিকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অবৈধ সরকার, ক্ষমতা দখলকারীর দ্বারা গঠিত অবৈধ দলগুলো আজকে খুবই লাফালাফি করে। খুব ভালো কথা। আমরা বলেছি শান্তিপূর্ণ মিছিল-মিটিং করো, আমরা কিছুই করব না। কিন্তু ওই যে লাঠিসোটা নিয়ে এসে ভাবসাব দেখানো, আর যদি একটা মানুষের গায়ে হাত দেয়, আমরা ছাড়ব না।’
আপনার মন্তব্য