০৮ নভেম্বর, ২০২২ ১৬:২৮
দেশে শব্দদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এ কারণে কানে শোনার সমস্যায় ভুগছেন রিকশাচালকরা। যা শতকরা বিবেচনায় ৪১ দশমিক ৯ শতাংশ। এর পরেই রয়েছে ট্রাফিক পুলিশের অবস্থান, যা শতকরা বিবেচনায় ৩০ দশমিক ৭ শতাংশ। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এক গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়।
গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ডিপার্টমেন্ট অব অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান গবেষক ড. সাইকা নিজাম। এতে বলা হয়, রিকশাচালক ও ট্রাফিক পুলিশের পর পেশাজীবীদের মধ্যে কানে শোনা সমস্যায় ভুগছেন লেগুনা চালকরা, যা প্রায় ২৩ দশমিক ৯ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, সিটি করপোরেশন বিবেচনায় কানে শোনার সমস্যা সবচেয়ে বেশি ছিল কুমিল্লায়, ৫৫ শতাংশ। এরপরের অবস্থান সিলেটে, ৩০ দশমিক ৭ শতাংশ। তৃতীয় অবস্থান ঢাকা সিটি করপোরেশনে, ২২ দশমিক ৩ শতাংশ। রাজশাহীতে রাজপথে কর্মরত ১৩ দশমিক ৯ শতাংশ পেশাজীবীকে কানে কম শোনার সমস্যায় ভুগতে দেখা গেছে।
এতে আরও বলা হয়, সিটি করপোরেশনগুলোর রাজপথে শব্দের মাত্রা ছিল ৮৪ থেকে ৯৯ ডেসিবল, যা অনুমোদিত মাত্রার (৬০ ডেসিবল) চেয়ে অনেক বেশি। গবেষণায় অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩৮ দশমিক ৪ বছর। গবেষণায় অংশগ্রহণকারীরা গড়ে দৈনিক ১০ দশমিক ৭ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দশমিক শূন্য ৪ দিন রাজপথে কাজ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চমাত্রার শব্দদূষণ কানে কম শোনা থেকে শুরু করে স্থায়ী বধিরতা তৈরি করতে পারে। বর্তমানে বিশ্বের প্রায় ৪৩২ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ কানে শোনার সমস্যায় ভুগছেন, যাদের চিকিৎসার পাশাপাশি হেয়ারিং এইড ব্যবহার করা প্রয়োজন। এদের ৮০ শতাংশই উন্নয়নশীল দেশে বসবাস করে এবং এর অর্ধেকের ক্ষেত্রেই এই সমস্যা এড়ানো যেত। শব্দদূষণে তৈরি কানে কম শোনার অন্যতম প্রধান কারণ হচ্ছে পেশাগত কারণে শব্দ দূষণের সংস্পর্শে আসা।
গবেষণার উদ্দেশ্য প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশের রাজপথে শব্দদূষণের মাত্রা নির্ণয় এবং রাজপথে কর্মরত পেশাজীবীদের শ্রবণশক্তির ওপর সেই শব্দদূষণের প্রভাব নির্ণয় করা।
গবেষণার সুপারিশে বলা হয়, রাজপথে শব্দদূষণের উৎস চিহ্নিত করা এবং মাত্রা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। রাজপথে কর্মরত পেশাজীবীদের কর্মঘণ্টা কমানো একটি কার্যকর সমাধান হতে পারে। যেখানে প্রয়োজন, সেখানে উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। রিকশাচালক ও ট্রাফিক পুলিশের প্রতি বিশেষ নজর দিতে হবে।
এছাড়া নিয়মিত শ্রবণশক্তি পরীক্ষার ব্যবস্থা করা উচিত। আচরণগত পরিবর্তন আনার জন্য কর্মশালার আয়োজন করা উচিত। শব্দদূষণ কমাতে আইন তৈরি করা উচিৎ এবং তা কঠোরভাবে বজায় রাখা উচিত। ভবিষ্যতে এ বিষয়ে দেশব্যাপী বড় আকারে গবেষণা করা প্রয়োজন।
আপনার মন্তব্য