সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২ ১২:৪৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চলন্ত অবস্থায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ তিনজন নিহত হন।

এ সময় আরও অন্তত ১০ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহতদের মধ্যে ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (২৭) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে। ট্রাকচালক সোহাগ (৩০) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর রাস্তার মাঝখানে বাস ও ট্রাক দুটি বেশ কিছু সময় পড়ে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্রেন এনে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে সরানো হলে রাত পৌনে ১টার দিকে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান পরিদর্শক নাঈম

আপনার মন্তব্য

আলোচিত