১৬ এপ্রিল, ২০২৩ ২৩:৩২
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন কারখানায় ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ শ্রমিক মারা গেছেন।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আজ রোববার রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তবে, তিনি তাৎক্ষণিকভাবে মারা যাওয়া তিন শ্রমিকের নাম পরিচয় জানাতে পারেননি।
সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘রোববার ইফতারের সময় কালিয়াকৈর থানার চন্দ্রায় ওয়ালটন কারখানায় ইফতার খেয়ে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের কাশিমপুর এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে ৩ শ্রমিক মারা গেছেন।’
এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। এতে আব্দুল্লাহপুর চন্দ্রা সড়কের যান চলাচল বন্ধ হয়ে বারইপাড়া থেকে কালিয়াকৈরর চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে জানিয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন বলেন, ‘শ্রমিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
এ ব্যাপারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবির বলেন, ‘আমরা প্রতিদিন সব কর্মীকে ইফতার সরবরাহ করি। কয়েকজন ইফতার করার পর বাইরে থেকে এক ধরণের কোমল পানীয় কিনে খায়। এরপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।’
হুমায়ূন কবির বলেন, এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
আপনার মন্তব্য