সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০২৩ ১১:০৪

কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে তিন দিনের সরকারি সফরে দোহা যাচ্ছেন।

২৩-২৫ মে অনুষ্ঠেয় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) যোগ দেবেন তিনি। এ সময়ে তিনি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়রলাইন্সের একটি ফ্লাইট সোমবার (২২ মে) বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শিরোনামে এবার সম্মেলন আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগের জন্য কাজ করে কিউইএফ। এ ফোরামের মূল উদ্দেশ্য, বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

কাতারের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কিউইএফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

দোহায় অবস্থিত ফোরামটি কৌশলগতভাবে এশিয়াকে আফ্রিকা এবং তার বাইরের সঙ্গে যুক্ত করার জন্য কাতারের ক্ষমতায়নের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কূটনৈতিক হাব ও এলএনজি জ্বালানি প্রযুক্তির অন্যতম নেতা হিসেবে এর অবস্থানকে প্রতিফলিত করে।

এদিন দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ ছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

পরের দিন বুধবার কিউইএফে যোগ দেবেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।

২৫ মে সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত