সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০২৩ ১৪:০০

জয় প্রধানমন্ত্রীকে উপহার দিলেন জায়েদা খাতুন

ছেলে জাহাঙ্গীর আলমের ‘ডামি প্রার্থী’ থেকে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র। গৃহিণী জায়েদা খাতুনের জন্য দীর্ঘ এই পথটা পাড়ি দেওয়া মোটেই সহজ ছিল না। কিন্তু ছায়ার মতো মায়ের পাশে থেকে জটিল সমীকরণটাই যেন সহজ করে তুলেছেন জাহাঙ্গীর আলম। আর তাতে আওয়ামী লীগের মনোনীত নোকা মার্কার প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে শেষ হাসি হেসেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদা খাতুন।

এমন দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি গাজীপুরের নতুন নগরমাতা। বরং মা-ছেলের সম্মিলিত এই জয়কে আওয়ামী লীগ সভাপতিকেই উৎসর্গ করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার সময় গাজীপুরের ছয়দানা এলাকার বাড়িতে অবস্থান করছিলেন জায়েদা খাতুন। ছেলে জাহাঙ্গীর আলম ছিলেন বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। গভীর রাতে জাহাঙ্গীর বাড়ি ফিরলে দেখা মেলে গাজীপুরের নতুন মেয়রের।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমি খুব খুশি। এ জয় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও গাজীপুরের সকল জনগণকে উপহার দিলাম।

শুক্রবার ভোর ৪টার সময় নিজ বাড়িতে জায়েদা খাতুন সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁর পাশে ছিলেন ছেলে জাহাঙ্গীর আলম।

বিজয়টা কাকে উপহার দেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জায়েদা খাতুন বলেন, ‘এই বিজয় আমি গাজীপুরবাসীকে দেব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেব।’

জায়েদা খতুন আরও বলেন, গাজীপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমার ছেলে জাহাঙ্গীর আলমের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা দরকার।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা আমার শিক্ষকের মতো। আমার সব কাজ সে দেখভাল করেছে। এখন আমি মেয়র নেই, কিন্তু আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। আমি মায়ের সঙ্গে থেকে যতগুলো কাজ আছে এবং প্রধানমন্ত্রীর সহযোগিতায় কাজগুলো করব। আজমত উল্লা খান আমার বড় ভাই। তাঁর পরামর্শ এবং এখানে বড় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবার সঙ্গে আলোচনা করে, পরামর্শ নিয়ে আধুনিক শহর গড়ে তোলার চেষ্টা করব।’

বঙ্গবন্ধুকে কটূক্তি করে ২০২১ সালে মেয়র পদ থেকে বরখাস্ত হন জাহাঙ্গীর আলম। এরপর আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হন। চলতি বছরেই সাধারণ ক্ষমায় দলে ফেরেন। গাজীপুর সিটি নির্বাচনে চেয়েছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নও। তবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হন। ওদিকে ঋণখেলাপির কারণে তার প্রার্থিতাও বাতিল হয়।

জাহাঙ্গীর নিজেও হয়তো এমন আশঙ্কা করেছিলেন। এজন্য মা জায়েদা খাতুনকেও প্রার্থী করেন তিনি। জাহাঙ্গীরের সেই ছায়া প্রার্থীই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে দিলেন।

বৃহস্পতিবার রাত দেড়টায় ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৮০ ভোটকেন্দ্র মিলিয়ে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। দু'জনের ভোটের পার্থক্য ১৬ হাজার ১৯৭।

আপনার মন্তব্য

আলোচিত