সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০২৩ ২৩:৪৫

জ্বালানির ধারাবাহিক সরবরাহ চ্যালেঞ্জে পড়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বৈশ্বিক প্রেক্ষাপট দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা পরিকল্পনামাফিক চললেও প্রাথমিক জ্বালানির ধারাবাহিক সরবরাহ চ্যালেঞ্জে পড়েছে।

রাজধানীতে বিদ্যুৎ ভবনে সোমবার এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। আসন্ন বাজেটে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা ও প্রত্যাশা’ বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইন্ডিপেনন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ)।

নসরুল হামিদ বলেন, আগামী দুই বছরে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা হবে। নেপাল থেকে বিদ্যুৎ আসবে। গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হচ্ছে। ট্রান্সমিশন বেসরকারি খাতে দেওয়া হচ্ছে। বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। ভোলার গ্যাস মূলধারায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নত অবকাঠামো তৈরি করতে ২০৫০ সালের মধ্যে ১৮ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারি ও বৈদেশিক উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, স্মার্ট গ্রিড, আধুনিক প্রযুক্তি, উন্নত সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, সাশ্রয়ী উৎপাদন পদ্ধতিতে এই বিনিয়োগ করা হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপিপিএর ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন।

জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বুয়েটের অধ্যাপক এজাজ হোসাইন, বার্কের সাবেক সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী ও বিআইপিপিএর সভাপতি ফয়সাল খান। এফইআরবির নির্বাহী পরিচালক রিসান নসরূল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত