১৯ জুন, ২০২৩ ১৩:৩৩
ঈদুল আজহার ছুটি একদিন বাড়ল। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়েছে। যার ফলে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১৯ জুন) আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রীসভা এ সিদ্ধান্ত নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।
পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আযহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।
আপনার মন্তব্য