১০ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:১১
হরতাল বাড়িয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নামে সাক্ষরিত বিবৃতিতে এই হরতাল বাড়ানো হল।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, চলমান অবরোধের মধ্যে হরতালের কর্মসূচি বর্ধিত করে এখন তা বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
২০ দলীয় জোটের পক্ষে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়, যেখানে অজ্ঞাত স্থানে থাকা সালাহ উদ্দিন আহমেদের একটি স্বাক্ষর কেটে এনে বসানো হয়েছে।
এর আগে একইভাবে পাঠানো একটি বিবৃতিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হরতালের বার্তা দেওয়া হয়। তার আগেও একইভাবে হরতালের বার্তা দিয়ে বিবৃতি এসেছিল।
বরাবরের মতো এবারও বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা এই হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেননি।
গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন। পরে পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হলেও এখনও গুলশানের ওই কার্যালয়ে রয়েছেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে এরপর অবরোধের মধ্যেই প্রায় লাগাতার হরতালের ডাক দিয়ে বিবৃতি আসছে।
৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর বার্তা-বিবৃতি পাঠাচ্ছিলেন যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
গত ৩১ জানুয়ারি রিজভী গ্রেপ্তার হলে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামেই ২০ দলের বক্তব্য-বিবৃতি আসছে গণমাধ্যমে, তবে তিনি প্রকাশ্যে আসছেন না।
আপনার মন্তব্য