০৮ জুলাই, ২০২৩ ১৩:৩২
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এক যুবক। এতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) সকালে আকস্মিকভাবে এক যুবক বেলচা হাতে নিয়ে তালা ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন।
সেখানে তিনি বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙেন। এ সময় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) তাকে থামাতে গেলে তার ওপরও হামলা চালায়। এতে ওই এসআই আহত হন। বিরল এ ঘটনায় আশপাশের উপস্থিত মানুষ চমকে ওঠেন।
আটক ওই যুবকের নাম নাসির উদ্দিন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাসিন্দা। আহত এসআই মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত আছেন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।
তিনি বলেন, হামলার ঘটনায় নাসির উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে ঘটনাটি সে কেন ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য