১৮ জুলাই, ২০২৩ ২০:০৪
ডেঙ্গুজ্বরে মৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে। ২৪ ঘণ্টার ব্যবধানে জ্বরটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আগে এক অঙ্কের ঘরে থাকলেও গত ২৪ ঘণ্টায় (১৭ জুলাই সকাল ৮টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা) মৃত্যুর সংখ্যা দুইয়ের ঘরে পৌঁছাল, প্রাণ ঝরেছে ১৩ জনের, যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুসারে, আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছিল। নতুন ১৩ মৃত্যু নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসাবেই মৃত বেড়ে দাঁড়াল ১২৭ জনে।
অধিদপ্তর বলছে, এই ১৩ জনের মধ্যে ঢাকা নগরে মৃত্যু হয়েছে নয়জনের, আর ঢাকার বাইরে মৃত্যু হয়েছে চারজনের। মোট মারা যাওয়া ১২৭ জনের মধ্যে ঢাকায় ৯৬ জনের, আর ঢাকার বাইরে ৩১ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৩ জন। তাদের নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হলেন মোট ২৪ হাজার মানুষ। তাদের মধ্যে ঢাকা নগরের ৫৩টি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৪৭৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৫২৪ জন।
মোট ২৪ হাজার মানুষের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩০৪ জন, আর বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৫৬৯ জন।
অধিদপ্তর বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে (১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২২ জন, আর এ মাসে মৃত্যু হলো ৮০ জনের।
অধিদপ্তরের হিসাবে, গত জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঁচ হাজার ৯৫৬ জন। সে সময় মারা যান ৩৪ জন। বছরের প্রথম সা জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে এক হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন এবং এপ্রিল ও মে মাসে দুজন করে।
দেশে ডেঙ্গুর প্রকোপ নজরে আসে ২০০০ সালে। এরপর সবচেয়ে ডেঙ্গু বেশি রোগী শনাক্ত হয় ২০১৯ সালে। সে বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয় ২০২২ সালে ২৮১ জন।
অধিপ্তর জানাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে মারা যাওয়া ১২৭ জনের মধ্যে নারী ৭৩ জন, আর পুরুষ ৫৪ জন। আর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে নারীর হার ৩৬ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের হার ৬৩ দশমিক ১ শতাংশ।
বর্তমানে পুরো দেশে ছড়িয়েছে ডেঙ্গু। অধিদপ্তরের হিসাব মতে, কেবল চুয়াডাঙ্গা ছাড়া বাকি ৬৩ জেলাতেই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপনার মন্তব্য