২০ জুলাই, ২০২৩ ০৯:৩৩
সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৯ জুলাই) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে এরইমধ্যে একাধিকবার বন্ধ ছিল। এতে করে শিক্ষার্থীদের যে ঘাটতি তৈরি হয়েছে সেটি দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন। তাই এ মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
উল্লেখ্য, বুধবার বিকালে মাধ্যমিক পর্যায়ের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সভা সূত্র জানায়, ডিসেম্বরে নির্বাচন ইস্যু, এ কারণে নভেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ করতে চায় সরকার। তাই গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে।
আপনার মন্তব্য