০৬ আগস্ট, ২০২৩ ২০:৪৮
ছবি: সংগৃহীত
নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু শপথ গ্রহণ করেছেন।
রোববার (৬ আগস্ট) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শপথকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।
পরে সাজ্জাদুল হাসান ও মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে গত ৩০ জুলাই ভোটগ্রহণ হয়। উপনির্বাচনে অংশ নেন ৬ জন প্রার্থী।
উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ৯২৩ বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. শামসুল আলম পান দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭২ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) দীপক কুমার পালিত ১২৩০ ভোট , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট , স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট) ৩৬৯ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট পান।
এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গ ২৩ জন। মোট ভোটারের মধ্যে ৫৭ হাজার ১৫৩ জন ভোট দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। ভোটের হার ছিল ১১ দশমিক ৭ শতাংশ।
অপরদিকে, গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে ২ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করে ১৬ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় সাজ্জাদুল হাসানকে। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও আর কেউ প্রার্থিতা জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী সাজ্জাদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
সাজ্জাদুল হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের (পিএস-১) দায়িত্ব পালন করেছেন। সাজ্জাদুল হাসানের বাবা প্রয়াত চিকিৎসক আখলাকুল হোসাইন গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ছিলেন। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
আপনার মন্তব্য