১৩ ফেব্রুয়ারি , ২০১৫ ০০:৫০
আকাশে বহিছে প্রেম,
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে!
বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী,
বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি;
বসন্ত এসে গেছে
অবশেষে বছর ঘুরতেই দুয়ারে এসে দাঁড়ালো ঋতুরাজ বসন্ত । মরমে বেজে উঠেছে রবী ঠাকুরের গান- আহা আজি এ বসন্তে... । বাংলাদেশে বসন্ত আছে প্রেমে, বসন্ত আছে দ্রোহে । ফিরে এসেছে সেই প্রেম আর দ্রোহের বসন্ত ।
আজ পহেলা ফাল্গুন । বাংলাদেশের ভালোবাসা দিবস । সারাবিশ্বের ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি হলেও এদেশের ভালোবাসার দিন পহেলা ফাল্গুনই । প্রতি বছর পহেলা ফাল্গুন নতুন করে রঙিন হয় বাংলাদেশ , প্রতি বছরই বাড়ে উৎসবের ব্যপ্তি ।
অন্যান্য বছরের মত এবারও বসন্ত উৎসব হবে দেশব্যাপী । রাজধানী ঢাকা সহ বিভাগীয় প্রত্যেকটি শহরে বসন্ত উৎসব উপলক্ষে নেয়া হয়েছে নানা উদ্যোগ । যদিও এই বছর অনেকটা বিমর্ষতায় কাতর বাংলাদেশ ।
বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ, হরতাল আর অবিরাম পেট্রোল বোমা নিক্ষেপের ফলে ব্যাপক নাশকতায় বিপর্যস্থ ও আতংকিত জনজীবন । এই অবস্থায় বসন্ত যেন আরেকটু বেশি দরকারিও হয়ে উঠেছে ।
অনেকটা দমবন্ধ বাতাসে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেয়ার মত ।
প্রচলিত আছে বসন্তে মানুষ প্রেমে পড়ে, যারা ইতিমধ্যে প্রেমে পড়েছে তাদের প্রেম আরও বাড়ে আবার খেয়াল করলে দেখা যায় বসন্তে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গৌরবগাঁথাও রচিত হয় । এই বসন্তেই ভাষার দাবি নিয়ে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ , ৬১ বছর পরে ২০১৩ সালে এই বসন্তেই আবার হাতে হাত রেখে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ , ঘটিয়েছিলো গণজাগরণ । বসন্ত তাই প্রেম আর দ্রোহে মিলেমিশে বাংলাদেশের জন্য এক আশাবাদি সময় ।
বাংলাদেশের মানুষ আশা করে এই বসন্তেও পেট্রোল বোমার বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ফাগুনেই নিভে যাবে সব হিংসার আগুন । দ্রোহের আগুনে কেটে যাবে সব দুঃসময় ।
আপনার মন্তব্য