নিউজ ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:৫৪

রাজাকার কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা ও আপিলের পুর্ণাঙ্গ রায়ের কপি কেন্দ্রীয় কারাগারসহ ৩ স্থানে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি’২০১৫)বেলা ১টার দিকে মৃত্যু পরোয়ানা ও আপিলের পুর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান কারাগারের উদ্দেশে রওয়ানা হন।

এর আগে রেলা সাড়ে ১২টার দিকে বিচারপতি ওবায়দুল হাসানসহ ৩ বিচারপতি মৃত্যু পরোয়ানায় সই করেন। পরে রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করেন।

আইজি প্রিজনসহ পরোয়ানাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হচ্ছে।

বুধবার কামারুজ্জামানের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

একইদিন নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানার আদেশ জারি করে জেল কর্তৃপক্ষের কাছে পাঠাবে। তখন সরকারের পক্ষে কামারুজ্জামানের ফাঁসির দিন ধার্য করতে কোন অসুবিধা থাকবে না। তবে কামারুজ্জামানের পক্ষ থেকে রিভিউ পিটিশন করা হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে।

২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে আল বদর বাহিনীর ময়মনসিংহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বলেও প্রমাণ হয় রায়ে।

এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ব্যাপক নৃশংসতার অভিযোগ আছে। বুদ্ধিজীবী হত্যায়ও মূল দায়ী করা হয় আলবদর বাহিনীকে। জামায়াতের সে সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা-কর্মীরাই ছিলেন এই বাহিনীর নেতৃত্বে। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত