০১ জানুয়ারি, ২০১৫ ১৯:৪৪
যুদ্ধাপরাধি এটিএম আজহারুল
ইসলামের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামির ডাকা দুই দিনের হরতাল
এবং রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ওই সংগঠনের
ভারপ্রাপ্ত আমীর ও সেক্রেটারি জেনারেল,
ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী তাজুল ইসলামসহ
ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। আগামি ৫ জানুয়ারি শুনানি
শেষে রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপক্ষের আইনজীবিদের থেকে আইসিটির রেজিস্ট্রারের কাছে ১
জানুয়ারি অভিযোগ দাখিল করা হয় যেখানে জামায়াতে ইসলামি এবং ইসলামি ছাত্রশিবিরের
সভাপতি ও সেক্রেটারিকে অভিযুক্ত করা হয়।
বিবাদিরা হলেন- জামায়াতের
ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত নায়েবে আমির মহিবুর রহমান ও ভারপ্রাপ্ত
সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার
ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান।
একাত্তরে মানবতাবিরোধী
অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মঙ্গলবার
মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার হরতাল
আহবান করে জামায়াত।
বিবৃতিতে জামায়াত-শিবিরের
নেতারা বিরূপ মন্তব্য করেন। ওইদিন রায়ের প্রতিক্রিয়ায় যুদ্ধাপরাধি আজহারের আইনজীবী
তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে সাক্ষ্য-প্রমাণ দিয়েছেন, সেটা গ্রহণ না করে
ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলেই সুবিচার হতো। '
আপনার মন্তব্য