১৯ মার্চ, ২০১৫ ২৩:০৩
ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তাঁর নাম উজির আলী (৪৫)। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-ভারত খেলা শেষ হওয়ার পরপর ঘটনাটি ঘটে।
মৃতের ছোট ভাই বখতিয়ার হোসেন জানান, পেশায় রাজমিস্ত্রি উজির আলী খেলাপাগল ছিলেন। বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট দলের খেলা নিয়মিত দেখতেন। আজও বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের পরাজয় অনুমান করতে পারার পর থেকে ঘরের মধ্যে পায়চারি শুরু করেন তিনি। বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। একপর্যায়ে মেঝেতে পড়ে যান তিনি।
পরিবারের লোকজন উজির আলীকে তড়িঘড়ি করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রিকেট ভক্ত তাঁকে দেখার জন্য ছুটে আসেন।
আপনার মন্তব্য