০৬ জুলাই, ২০১৬ ২১:১০
ছিলেন সঙ্গীতশিল্পী। বেসরকারি একটি টেলিভিশনের সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে (২০০৬ সাল) প্রথম ২০ জনের মধ্যে ছিলেন তিনি। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করারও ইচ্ছা ছিলো তার। অথচ সেই ব্যক্তি এখন আইএসের জঙ্গি।
তার নাম তাহমিদ রহমান শাফি। সাইট ইন্টেলিজেন্সে আইএসের প্রকাশিত বাংলায় হুমকি দেয়া ভিডিও দেখে শাফির পরিচয় নিশ্চিত করেন তার পরিচতজনরা।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশংসা করে এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়ে মঙ্গলবার এই ভিডিও পোস্ট করে সাইট। এতে তিনজন বাংলাদেশি তরুণকে গুলশান হামলার প্রশংসা করে পুনরায় হামলার হুমকি দিতে দেখা যায়।
১ জুলাইয়ের হামলার পরপর সাইট ইন্টেলিজেন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে ৫ হামলাকারীর ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় বের করা হয়েছিল। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমেই নতুন করে হুমকিদাতা তিন তরুণের ভিডিও দেখে দু’জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে তাহমিদ জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রতিযোগী বলে চিহ্নিত করেছেন তার পরিচিতজনেরা।
তার পিতা শফিউর রহমান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে নির্বাচন কমিশনার ছিলেন। ফেসবুকে অনেকেই শাফির পরিচয় নিশ্চিত করে পোস্ট দিয়েছেন। তবে তাহমিদের কোনও অ্যাকাউন্ট পাওয়া যায়নি। তার নাম দিয়ে সার্চ দিলে যে পেইজ আসে সেখানে দেখা গেছে তার কাছ থেকে নিয়ে অন্যরা আল কায়েদা নেতার বক্তব্য শেয়ার করেছে।
জানা যায়, শাফি ঢাকার সরকারী ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ পড়াশোনা শেষে গ্রামীনফোনে চাকুরী নেন।
গ্রামীনফোনে তার একজন সাবেক সহকর্মীর বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, আইএসের ভিডিওতে দেখা যাওয়া প্রথম তরুণটি তাহমিদ রহমান শাফি।
জানা যায়, শাফি গ্রামীনফোনের স্ট্যাটেজি এন্ড কর্পোরেট কম্যুনিকেশন (ব্র্যান্ড কম্যুনিকেশন) বিভাগে কর্মরত ছিলেন। সহকর্মীদের মধ্যে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন।
তবে, ২০১০ সাল থেকেই শাফি কিছুটা চুপচাপ ও শান্ত হয়ে গিয়েছিল। বছর দুই আগে থেকে ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠে শাফি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গ্রামীনফোনের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা ভিডিওতে শাফিকে প্রথমে বাংলায়, পরে ইংরেজিতে বক্তৃতা দিতে দেখা যায়।
সহকর্মীরা জানান, শাফি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। সে কয়েক বছর ধরে চাকরি করছে না।
এই সময়ের মধ্যে সে কোন সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেয়নি, কোনও অ্যালবামও তার বের হয়নি বলে জানান ঢাকার একজন সঙ্গীতশিল্পী।
একটি সূত্র জানাচ্ছে সে এক বছর আগে সপরিবারে সিরিয়া চলে যায়।
উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আপনার মন্তব্য