নিউজ ডেস্ক

২৪ মার্চ, ২০১৫ ২১:৪৮

অভিজিৎ হত্যা: ফারসীম মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদ, ঢাকা ছাড়ার ওপর বিধিনিষেধ

লেখক, গবেষক, ব্লগার ড. অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তার ঢাকা ছাড়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।

অভিজিৎ রায় হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে প্রয়োজনে আবার ডাকা হবে জানিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “তার কাছে জানতে চাওয়া হয়েছে, অভিজিতের লেখালেখি বা মতবাদ নিয়ে তার সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি না।”

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “ওই বৈঠকে কে কে উপস্থিত ছিল, কারা কারা ছিল না এবং যারা ছিল না, তারা কেন উপস্থিত ছিল না ইত্যাদি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।”

ফারসিমের ঢাকা ছাড়ার বিষয়েও বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।

তিনি বলেন, “দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে, এমনকি ঢাকার বাহিরে যাওয়ার ক্ষেত্রেও ফারসীম মান্নানকে অভিজিতের হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে।”

প্রায় মাস গড়াতে গেলেও অভিজিৎ রায়ের খুনি কারা, সে বিষয়ে কোনো তথ্য পায়নি গোয়েন্দা পুলিশ।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন।

ওই দিন বইমেলায় বিজ্ঞান লেখক ও বুয়েট শিক্ষক ফারসীমের ডাকা একটি বৈঠকের সঙ্গে হত্যাকাণ্ডের সংযোগ থাকার সন্দেহের কথা ইতোমধ্যে জানিয়েছেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়।

এদিকে জিজ্ঞাসাবাদের পর ফারসীম মান্নান মোহাম্মদী ফেসবুকে এক স্ট্যাটাসে তার প্রতিক্রিয়ায় লিখেছেন- 'ডিবির দীর্ঘ জিজ্ঞাসা শেষে বের হলাম।' এর বাইরে তিনি আর কিছু লিখেননি। 

আপনার মন্তব্য

আলোচিত