০৬ এপ্রিল, ২০১৫ ১০:৪৬
রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার পথে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায় এখন কিভাবে কার্যকর করা হবে সে প্রশ্নে রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ২০(৩) ধারা অনুসারে সরকার সে ব্যবস্থা নেবে।
রায় কার্যকরের এখতিয়ার এখন সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভরশীল বলেও জানান সরকারের প্রধান আইন কর্মকর্তা।
সোমবার (৬ এপ্রিল) সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকলো।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় রিভিউয়ের এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
দেশের শীর্ষ এই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় এখন কিভাবে কার্যকর করা হবে সে সম্পর্কে অ্যাটর্নি জেনারেল জানান, তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা আগেই জারি ছিল। কামারুজ্জামান রিভিউ আবেদন করায় সে পরোয়ানা স্থগিত ছিল। রিভিউ খারিজ হওয়ায় সে পরোয়ানাও পুনর্বহাল হলো। এখন আসামির সামনে এখন কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার সুযোগ রয়েছে। কামারুজ্জামানের কাছে জানতে চাওয়া হবে তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা , করলে ৭ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি তিনি না করেন তাহলে যেকোন সময় সরকারের নির্দেশে জেল কর্তৃপক্ষ এই রায় কার্যকর করতে পারবে।
আপনার মন্তব্য