নিউজ ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৫ ১৮:৪৩

বহিরাগতদের রাতযাপনে সহযোগীদের পদত্যাগ দাবি ইকবাল সোবহানের


জাতীয় প্রেসক্লাবকে দলীয় রাজনীতির আখড়া বানানোর সুযোগ দিয়ে বহিরাগতদের রাতযাপন করতে দেওয়ায় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির জড়িতদের পদত্যাগ দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। প্রেসক্লাবে রাতযাপন করা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করার পরপরই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাতীয় প্রেসক্লাবে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না বলে একটি চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে বিএনপি-জামায়াতের সমর্থনপুষ্ট পেশাজীবীদের একটি অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়। এরপর সেই অনুষ্ঠানে যে রাজনীতিকরা অংশ নেন তাদের রাতযাপনও করতে দেওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।


তিনি প্রেসক্লাব সাংবাদিকদের জন্য এবং পেশাদার সাংবাদিকদেরই এর পদ দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে বলেন, এখানে সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে আন্দোলন হবে, আলোচনা হবে। এটাকে দলীয় রাজনীতির আখড়ায় পরিণত করার সুযোগ নেই। কেউ এর বিপরীতটি করতে চাইলে পরিণতি যা হওয়ার তাই হবে, এবং ইতোমধ্যে 
হয়েছেও। 


তিনি বলেন, প্রেসক্লাবের সদস্যদের জন্যই রাত ৯টার মধ্যে ক্যান্টিন বন্ধ হয়ে যায়, অথচ বহিরাগতদের জন্য অনেক রাত পর্যন্ত খাওয়ার ব্যবস্থা কর‍া হয়েছে। এর মাধ্যমে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি সাংগঠনিক গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে আগেও তাদের পদত্যাগ দাবি করা হয়েছিল। এখন ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোয় এর সঙ্গে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির জড়িতদের পদত্যাগ করতে হবে।


তিনি বলেন, তারা দাবি করেছেন, ফখরুল সাহেব এখানে রাতযাপন করবেন বলে আমাদের সঙ্গে নাকি তাদের সমঝোতা হয়েছিল। সেই সমঝোতার কোনো সুযোগ নেই। তারা মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের মাধ্যমে তারা রাজনীতিও করছেন, বিকৃত করছেন ইতিহাসও।

আপনার মন্তব্য

আলোচিত