০৬ এপ্রিল, ২০১৫ ১৫:৪২
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে ফাঁসি কার্যকরের সবরকমের প্রস্তুতি। সরকারি নির্দেশ আসার পর পরই রায় কার্যকর করতে নেয়া সব প্রস্তুতি প্রায় শেষের পথে।
ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে কফিন কারাগারের ভেতরে পাঠানো হয়েছে। কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির আয়োজন। পাশাপাশি কারাগার ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। কামারুজ্জমানের স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছে কারা কর্তৃপক্ষ। তিনি তার স্বামীর সঙ্গে দেখা করবেন কি না জানতে চাওয়া হয় ফোনে।
কামারুজ্জামানের পুত্র হাসান ইকবাল জানান, দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলার তার মাকে ফোন করে দেখা করবেন কি না তা জানতে চেয়েছেন। তারা কারাগারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, আমরা আমাদের কার্যক্রম এগিয়ে রাখছি।তবে এখন পর্যন্ত আদালতের কোনো আদেশ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কারাগার সূত্র জানায়, ফাঁসির মঞ্চ প্রস্তুতিতে যা প্রয়োজন তা প্রায় সম্পন্ন হয়েছে। উপরের সামিয়ানা সাঁটানো হয়েছে। দড়িও প্রস্তুত করা হয়েছে। এছাড়াও জল্লাদের একটি গ্রুপকেও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ বিকেল পৌনে ৩টার দিকে কফিন কারাগারে ভেতরে প্রবেশ করানো হয়। ফাঁসি কার্যকর করতে যা প্রয়োজন তার প্রস্তুতি চলছে জোরে-শোরে।
শাহাজাহানের নেতৃত্বে ৫ জল্লাদ:
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, জল্লাদ শাহাজাহানের নেতৃত্বে ৫ সদস্যদের একটি জল্লাদ গ্রুপ প্রস্তুত রয়েছে। শাহাজাহান ছাড়াও অপর ৪ জনের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, জনি ও করিম।শাহাজাহান ও জনি নামের দুই জল্লাদ কাদের মোল্লা, এরশাদ শিকদারসহ দেশের বিভিন্ন কারাগারে ২০/২৫টি ফাঁসি কার্যকরে ভূমিকা রাখেন।
সময় যত গড়াচ্ছে কারাগার ও এর আশপাশের নিরাপত্তা ততই বাড়ছে। ৠাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিও বাড়ছে। কারাগারের সামনে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।কারাগারের সামনের ভবনগুলোর ছাদে ইতোমধ্যে পুলিশের সদস্যরা অবস্থান নেওয়া শুরু করেছেন। অন্যদিকে রায় ঘোষণা উপলক্ষে সারাদেশে পুলিশকে সদর দফতর থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য