নিউজ ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৫ ১৫:২৯

১৬ আগস্ট থেকে হজ্জ ফ্লাইট

আগামী ১৬ আগস্ট হজ্জ ফ্লাইট শুরু করা হবে। আর ফিরতি হজ্জ ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ্জ পালন নেবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।

এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ্জ পালন করতে পারবেন। গত ৫ মার্চ সৌদি আরবের সঙ্গে হজ্জ চুক্তি সম্পাদন করে সরকার।

মন্ত্রী জানান, চলতি বছর নিজস্ব ৩টি বোয়িং৭৭৭-৩০০ ইআর এর মাধ্যমে বাংলাদেশ সরকার ৫১ হাজার হজ্জযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি সরকার।
বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর আসন সংখ্যা ৪১৯ এবং প্রতিটির ফ্লাইটের জন্য ৩৭টি স্লট হিসেবে এ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মন্ত্রী আরো বলেন, গত বছরে বিভিন্ন হজ্জ এজেন্সির অনিয়মের কারণে শুরুতে হজে যেতে না পারা ৪০০ জন হজ্জযাত্রীকে সরকারিভাবে হজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এজন্য সরকার সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকে ৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ্জ প্যাকেজের একটি অংশ টাকা জমা দিয়ে হজ্জযাত্রীরা গত ১ মার্চ পর্যন্ত নিবন্ধন কাজ সম্পন্ন করে। সৌদি আরবের ইলেকট্রনিক হজ্জ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে টাকা জমা ও নিবন্ধনের সিদ্ধান্ত নেয় সরকার। বিগত সময়ে হজ্জ চুক্তির পর হজের টাকা জমা নেওয়া হতো। এবার আগেই টাকা জমা ও নিবন্ধনের কাজ শেষ করা হয়েছে।

গত বছরের ৮ ডিসেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ্জ পালনে খরচ ধরা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা খরচ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত