নিউজ ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৫ ২১:৫৬

যৌন হয়রানির ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুল

বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, পুলিশের রমনা জোনের ডিসি ও শাহবাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৭ মে দিন রাখা হয়েছে।

যৌন হয়রানির ওই ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত একাধিক প্রতিবেদন বিবেচনায় নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালত আদেশে বলেন, “বাঙালি জাতিসত্ত্বার এত বড় সম্মিলন নববর্ষ উদযাপন, যাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উদযাপন করে থাকে।” এরকম একটি অনুষ্ঠানে ‘নিরাপত্তা দিতে ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার’ দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বর্ষবরণের অনুষ্ঠানের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে সংঘবদ্ধ একদল যুবক নারীদের যৌন হয়রানি করে।

আইনজীবী আনজুমান আরা বেগম ও উম্মে সালমা সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো আদালতের নজরে আনেন। 

আপনার মন্তব্য

আলোচিত