নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ১৫:০০

নেই ভীতি, মানছে না অবরোধ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ মানছেন না রাজধানীবাসী।


বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ মানছেন না রাজধানীবাসী। অবরোধের তৃতীয় দিনেও এ কর্মসূচি অনেকটাই শিথিল হয়ে পড়েছে। অবরোধ সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কাজে বেরিয়েছেন কর্মজীবী মানুষ।
 


বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের বাসে উঠতে দেখা যায়। সকাল থেকেই রাজধানীতে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেটকার চলাচল ছিল লক্ষণীয়। 
 


সকালে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে যানজটে রূপ নিতে দেখা যায়। 

 

রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ানবাজার, গুলিস্তান, পল্টন এলাকায় যানজটের এ চিত্র লক্ষ্য করা গেছে। স্বাভাবিক দিনের মতই যানজট সামলাতে হিমশিম খাচ্ছিলেন সিগন্যালগুলোতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা। যানজটের চিত্র দেখা যায় হাতিরঝিলেও।
 


এদিকে, অবরোধে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সড়কে পুলিশের ছিল সতর্ক উপস্থিতি। নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কটিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করেছেন আইনশৃঙ্খলা বাহিনার সদস্যরা।

 
 
পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান সদস্যদেরও সড়কে টহল দিতে দেখা গেছে। ৠাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কেউ নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে সজাগ রয়েছে ৠাব। প্রতিটি সড়কে ৠাবের টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 


৫ জানুয়ারি ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালন করতে না পারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।



অবরোধের প্রথম দিন মঙ্গলবার (০৬ জানুয়ারি) মানুষের মনে ভীতি থাকলেও, দ্বিতীয় ও তৃতীয় দিনে সে ভীতি কাটিয়ে কর্মব্যস্ত মানুষের পদচারণায় স্বাভাবিক চেহারায় ফিরেছে রাজধানী।
  

আপনার মন্তব্য

আলোচিত