নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ২২:২৭

খালেদা জিয়াকে অমিত শাহ'র ফোন: স্বাস্থ্যের খোঁজখবর

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি অমিত শাহ ফোন করে বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।



দশম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি 'গণতন্ত্রের হত্যা দিবস' কর্মসূচি ঘোষণা করার পর ৪ জানুয়ারি শনিবার রাত থেকে গুলশানে নিজ কার্যালয়ে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। এদিকে ৮ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে বেগম জিয়ার গুলশান কার্যালয়ের বাইরের ফটকে ঝুলানো তালাগুলো খুলে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।



মারুফ কামাল খান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিজেপির সভাপতি অমিত শাহ গুলশানে অবরুদ্ধ খালেদা জিয়াকে ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন।



তিনি বলেন, গত সোমবার (৫ জানুয়ারি) পুলিশের পেপার স্প্রের কারণে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন বিজেপি প্রেসিডেন্ট।



বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব জানান, টেলিফোনে দুজনে ‍কুশল বিনিময় করেছেন। ফোন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিজিপি সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন।



মারুফ কামাল বলেন, অবরুদ্ধ থাকার পর থেকেই দেশ-বিদেশের অনেকে টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।



সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন  বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত