২৮ এপ্রিল, ২০১৫ ১৬:১৭
সকাল ৮টা থেকে শুরু হওয়া সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ, অভিযোগ-পাল্টাপাল্টি অভিযোগ এবং বিএনপি, গণসংহতির নির্বাচন বর্জন ও সিপিবি-বাসদের ফলাফল প্রত্যাখ্যানের মধ্য দিয়ে শেষ হল তিন সিটি করপোরেশনের ভোট গ্রহণ।
কেন্দ্র দখল ও কারচুপি, সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বিএনপির বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের ভোটগ্রহণ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটির এ নির্বাচনে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এর পরপরই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা।
নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, “ভোট শেষ হয়েছে। তবে বিকাল ৪টার মধ্যে যারা কেন্দ্রে এসেছেন, তাদের ভোট নেওয়া হবে।”
কেন্দ্রভিত্তিক ফল পাওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তা তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন। পরে তা সমন্বয় করে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করবেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ঢাকা উত্তর, মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে রিটার্নিং কর্মকর্তারা এই ফল ঘোষণা করবেন।
আপনার মন্তব্য