সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৫ ০১:১২

নির্বাচনে অনিয়ম তদন্তের আহ্বান যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের

নির্বাচনে অনিয়মের সব অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করাটা গুরুত্বপূর্ণ। অবিলম্বে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।

মঙ্গলবার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাইকমিশনার এই আহ্বান জানান। খবর বার্তা সংস্থা ইউিএনবি।

বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের ভোট বর্জনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আজকের ঘটনার প্রতিক্রিয়ায় আইন বহির্ভূত কিছু করবেন না বলে সব দলকে নিশ্চিত করতে হবে। অনিয়মের সব অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করাটা গুরুত্বপূর্ণ।

গিবসন আরো বলেন, সবাই যেন ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনীসহ সব দলেরই দায়িত্ব।

বিবৃতিতে, সফলভাবে নির্বাচিতদের উচিত হবে শহরের বাসিন্দাদের প্রয়োজন ও ইচ্ছার কথা শোনা বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে নির্বাচন পর্যবেক্ষণ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এ সময় তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে খোঁজ-খবর নেন। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকার্ট বলেছেন, নির্বাচনে অনিয়ম, জালিয়াতির অভিযোগের ঘটনায় অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা উচিত। নির্বাচনে এ ধরনের ঘটনা অনভিপ্রেত।

বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট বর্জনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। ভোট বর্জন কোন সমাধানও হতে পারে না। নির্বাচন ব্যবস্থা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা নির্বাচন কমিশনে জানানো যেতে পারে।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

বার্নিকার্ট বলেন, জনগণের ভোটারাধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মানুষের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি সরকার নিশ্চিত করবে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে শুরু থেকেই নিজেদের অবস্থানে অটল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার বহুল আলোচিত ৩ সিটি নির্বাচন নিয়ে তাই দেশের মানুষের পাশাপাশি আগ্রহ ছিলো বিদেশিদেরও।

আপনার মন্তব্য

আলোচিত