নিউজ ডেস্ক

০৩ মে, ২০১৫ ২১:০০

অভিজিৎ রায় হত্যা: ভিডিওবার্তায় দায় স্বীকার আলকায়েদার!

এক ভিডিওবার্তায় লেখক, গবেষক ড. অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করেছে ইস্লামিস্ট জঙ্গিবাদী সংগঠন আল কায়েদা। 

হত্যাকাণ্ডের দুই মাসের বেশি সময় পর শনিবার (২ মে) ভারতীয় উপমহাদেশের আল কায়দার প্রধান আসিম উমর একটি ভিডিও বার্তা ইন্টারনেটে তুলেছেন। তাতে তিনি বাংলাদেশে অভিজিৎ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছেন বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইটইন্টিলিজেন্ট গ্রুপ জানিয়েছে।

লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের কূল-কিনারা বাংলাদেশের গোয়েন্দারা না পাওয়ার মধ্যে আল কায়েদার পক্ষ থেকে এর দায়িত্ব স্বীকার করে বার্তা এসেছে।

ধর্ম অবমাননাকারী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ও পাকিস্তানে অভিজিতের মতো আরও হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও দাবি করেছে আল কায়দা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)।

এই তথ্য প্রকাশের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে না চেয়ে বলেন-এটা আমি সাংবাদিকদের কাছেই শুনেছি।

আল কায়েদার এই দাবির বিষয়ে অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে যুক্ত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কোনো কর্মকর্তাও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাচ্ছে না।

অভিজিৎ হত্যাকাণ্ডের পর দুই মাস পেরুলেও এখনও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ড তদন্তে তারা যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সহায়তাও নিচ্ছে। একমাত্র হুমকিদাতা শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করা হলেও এরপর এ নিয়ে আর কোন কথা শোনা যায়নি।

বাংলাদেশি অভিজিৎ যুক্তরাষ্ট্রে থাকলেও ব্লগে লেখালেখি নিয়ে ধর্মীয় উগ্রবাদীদের হুমকি পেয়ে আসছিলেন। স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলায় অংশ নিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ফিরেছিলেন তিনি।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলা হয় অভিজিৎ ও বন্যার উপর। হামলাকারীদের চাপাতির আঘাতে নিহত হন অভিজিৎ। প্রাণে বেঁচে গেলেও এক আঙুল হারান বন্যা।

আপনার মন্তব্য

আলোচিত