০৪ মে, ২০১৫ ১১:০১
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর দ্বিতীয় জানাজা সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ ও শুভানুধ্যায়ীদেরকে যথাসময়ে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পিন্টুর ছোট ভাই নাসিমউদ্দিন আহমেদ রিন্টু জানান, ঢাকায় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে থাকা বাবা নিজামউদ্দিনের কবরে পিন্টুর মরদেহ দাফন করা হবে।
এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানজায় ইমামতি করেন হেতেম মসজিদের ইমাম মুফতি ইয়াকুব। জানাজায় রাজশাহী মহানগরের ২০ দলের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এর আগে তার লাশ গ্রহণ করে পরিবারের সদস্যরা। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে রাত ১১ টায় তার লাশ গ্রহণ করেন ভাই নাসিম উদ্দিন আহমেদ রিন্টু, চাচাতো ভাই সালাউদ্দিন ও আইনজীবী রফিকুল ইসলাম খান।
এর আগে, ভাইয়ের মৃত্যুর জন্য কারাকর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেন নাসিম উদ্দিন আহমেদ রিন্টু। এদিকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করবে বিএনপি।
আপনার মন্তব্য