সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০১৫ ২২:৪০

অভিজিৎ হত্যার তদন্তে নতুন মোড়: ৫ খুনি শনাক্ত

লেখক, গবেষক, ব্লগার ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডে তদন্ত নতুন মোড় নিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করছেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও ধারণা করছেন তারা। 

অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের দুই মাসের বেশি সময় পার হওয়ার পর তদন্তে কোন দৃশ্যমান অগ্রগতি না হওয়ার পর আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস)-এর এক ভিডিওবার্তার পর গোয়েন্দারা আবারও নড়েচড়ে বসেছেন।

সোমবার (৪ মে) নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন পাঁচজনের বেশি ব্যক্তিকে শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।” হামলায় আহত অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা হামলাকারী পাঁচজন বলে দাবি করেছিলেন। # প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেছিলেন, চাপাতি হাতে দুজন হামলায় অংশ নিয়েছিল। মনিরুল বলেন, “মনে হচ্ছে, তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। একটি মতাদর্শে বিশ্বাসী হয়ে আগেও তারা সাইলেন্ট কিলিং বা টার্গেটেড কিলিং করেছে, যার প্রমাণও আছে।” 

অভিজিৎ হত্যাকাণ্ডের পরপরই ‘আনসার বাংলা সেভেন’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দায় স্বীকার করে বার্তা দেওয়া হয়েছিল। ওই বার্তাটি আনসারুল্লাহ বাংলা টিমের বলেও দাবি করেন মনিরুল।

এ হত্যাকাণ্ডের পর ফেসবুকে বিভিন্ন অনলাইন এক্টিভিস্টকে হত্যার হুমকিদাতা শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করে র্যাঅপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব)। ফারাবীর দেওয়া তথ্যমতে ফারাবীর সিলেটস্থ ভাড়া নেওয়া বাসায় অভিযান চালায় পুলিশ কিন্তু সেখান থেকে কোন কিছু উদ্ধার করতে পারেনি তারা। 

একুশের গ্রন্থমেলা চলাকালীন ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ হত্যাকাণ্ডের মাসখানেকের মধ্যে ঢাকার তেজগাঁওয়ে অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান খুনের সময় জনতা যে দুজনকে ধরে পুলিশে দিয়েছিল, তারাও জিজ্ঞাসাবাদে আনসারুল্লার প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর সঙ্গে যোগাযোগর কথা স্বীকার করেন। 

মুফতি জসীম ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যামামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। বুয়েট শিক্ষার্থী দ্বীপকে হত্যা, ব্লগার আসিফ মহীউদ্দিনকে হত্যার চেষ্টার জন্যও আনসারুল্লাহকে দায়ী করা হচ্ছে।

মনিরুল বলেন, “আনসারুল্লাহ বাংলাটিম আল কায়েদাকে পুরোপুরি অনুকরণ, অনুসরণ করে। তারা আল কায়দার নেতাদের কৌশল অনুসরণ করে, আল কায়দার নেতাদের নিজেদের নেতা বলে মনে করে।”

বাংলাদেশে আল কায়েদা বা একিউআইএসের তৎপরতার কোনো তথ্য এখনও গোয়েন্দাদের হাতে নেই বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

“আনসারুল্লাহ বাংলা টিমের কেউ সরাসরি আল কায়েদার সঙ্গে জড়িত, এমন কোনো তথ্যও নেই। তবে তারা দীর্ঘদিন ধরে আল কায়দার সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছে বলে আগে থেকেই তথ্য রয়েছে।”

যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে এফবিআই সহায়তা দিচ্ছে। তারা আলামত সংগ্রহ করলেও এখনও কোনো ফলাফল দেয়নি বলে মনিরুল জানান।

আপনার মন্তব্য

আলোচিত