০৬ মে, ২০১৫ ০১:৫৩
দুই ভাগে বিভক্ত হওয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম্বারের মতো পেতে যাচ্ছে মেয়র। ঢাকা উত্তর থেকে আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ থেকে সাঈদ খোকন শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনও শপথ নেবেন। তারা তিন জনই আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী ছিলেন।
ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত তিন মেয়রের সঙ্গে ১৪৯ জন কাউন্সিলরের শপথগ্রহণ আজ (বুধবার)। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল-এ মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই জায়গায় তিন সিটির নবনির্বাচিত ১৪৯ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
৩ মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগ সূত্র জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী, সংসদ সদস্য ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি, মহাজোটের শরিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ নিয়ে গত তিন দিন ধরে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট দফতর নিরলসভাবে কাজ করছে।
নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন গত রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করার পর ঢাকায় অবস্থান করছেন। শপথগ্রহণের পর মেয়র আ জ ম নাছির উদ্দিন দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনের আগে মেয়র মনজুর আলম পদত্যাগ করায় আ জ ম নাছিরের দায়িত্ব গ্রহণে কোনো বাধা নেই।
কিন্তু কাউন্সিলররা শপথগ্রহণ করলেও আইনগত বাধ্যবাধকতার কারণে আগামী ১৫ জুলাইয়ের আগে দায়িত্বভার গ্রহণ করতে পারবেন না। নিয়ম অনুযায়ী ৬০টি মাসিক সাধারণ সভা পূর্ণ করার পরই নবনির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করতে পারেন।
বর্তমান মেয়াদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরও দুটি সাধারণ সভা বাকি রয়েছে। সে হিসাবে আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য সাধারণ সভার পরই নবনির্বাচিত কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হন।
ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ১২টি ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটিতে ৪১টি সাধারণ ওয়ার্ড, সংরক্ষিত ১৪টি ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ১০৪টি সাধারণ কাউন্সিলর এবং ৪৫টি সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হন। ৩০ এপ্রিল মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনে নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।
আপনার মন্তব্য