০৭ মে, ২০১৫ ১৫:৩৮
এবার ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ধোবাউড়ায় দুই স্কুলছাত্র এবং হালুয়াঘাটে দুজন ও ফুলপুরে একজন মারা গেছে। আজ (বৃহস্পতিবার) সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
ধোবাউড়া ওসি আব্দুল হক জানান, সকাল সাড়ে ৯টায় আকস্মিক বজ্রপাতে ২ স্কুলছাত্র মারা যায় ও আহত হয় আরও ৩ জন। হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান আহম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৪ জন।
নিহতরা হলেন-ধোবাউড়ার গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেলোয়ার হোসেন (১০) ও বেবিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মোশাররফ হোসেন (১৪)। হালুয়াঘাটের ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামের কৃষক জমশেদ আলী (৫০) ও কুড়য়াপাড়া গ্রামের রুবেল (৩২) এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দমারভিটা গ্রামের মাঝি কফিল উদ্দিন (৬০)।
আহতরা হলেন-নিহত দেলোয়ারের বোন রহিমা খাতুন (৮), চারুয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৩২) এবং পঞ্চনন্দপুরের হারুনুর রশিদ (৪৫)।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসতাপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল হক।
আহতরা হলেন-হালুয়াঘাট উপজেলার কইচাপুর ইউনিয়নের বড় খালেরপাড় গ্রামের নুরজাহান (৩০),গাঙ্গিনারপাড় গ্রামের আইমনা খাতুন (২৮), নড়াইল ইউনিয়নের কিসমত এবং নড়াইল গ্রামের আইছিন আক্তার (১১)। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফুলপুর থানার ওসি মো. মাজহারুল হক জানান,বেলা ১২টার দিকে বজ্রপাতে দমারভিটা গ্রামের মাঝি কফিল উদ্দিন (৬০) মারা যায়।
এর আগে আজ সকালে বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
আপনার মন্তব্য