১১ মে, ২০১৫ ১৯:০৫
পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের প্রতিবাদে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে রোববার ছাত্র ইউনিয়ন নেত্রীর ওপর হামলার ঘটনায় পুলিশের নায়েক আনিসকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে একই ঘটনায় জড়িত অন্য দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।
উপ পুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জয়েন্ট কমিশনার (লজিস্টিকস) ওয়াই এম বেলালুর রহমানকে প্রধান করে এই তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি করা হয়।
এদিকে হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি দেওয়ার দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবিরোধী ছাত্র ঐক্য।
ওই হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ধর্মঘট পালনের আহ্বানও জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে রোববার ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে ঘেরাওয়ে গেলে তাদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ।
ওই সময় তোলা বিভিন্ন ছবি এবং ধারণ করা ভিডিওতে পুলিশ সদস্যদের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের পাশাপাশি বিক্ষোভকারীদের বুট দিয়ে আঘাত করতেও দেখা যায়। সেই সঙ্গে নারীকর্মীদের ওপরও চড়াও হতে দেখা যায় পুলিশকে।
পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে রোববার ছাত্র ইউনিয়নের ৩৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্রীও রয়েছেন। আহত ১৫ নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আপনার মন্তব্য