১৩ মে, ২০১৫ ১৪:০২
বিজ্ঞান ভিত্তিক ব্লগ মুক্তমনার লেখক ব্লগার অনন্ত বিজয় হত্যার মধ্যদিয়ে আবারো আলোচনা এসেছে জঙ্গিদের প্রকাশিত ৮৪ ব্লগার হত্যার পরিকল্পনার হিট লিষ্ট। এই হিট লিস্টের তিনজন সহ এপর্যন্ত মোট ৮ জন ব্লগারকে একই কায়দায় জঙ্গিরা হত্যা করেছে যার কোনটারই এখন পর্যন্ত আসামী গ্রেফতার বা শাস্তি নিশ্চিত করতে না পারায় বেপরোয়া হয়ে উঠছে জঙ্গিরা। তবে এবার এই হিট লিষ্টকে আমলে নিচ্ছে প্রশাসন।
বেশ কিছু দিন আগে আনসার উদ্দিন বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীর নেতৃত্বে দেশে মুক্তচিন্তার লেখক ৮৪ জন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টকে খুন করার হুমকি দিয়ে একটি হিটলিষ্ট প্রচার করে এই জঙ্গি সংগঠনটি।
এরই ধারাবাহিকতায়, রাজিব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবুর পর এবার একই কায়দায় মুক্তমনা লেখক অনন্ত বিজয়কে হত্যা করে টুইটার বার্তায় দায় স্বীকার করে আনসার বাংলা ৮ নামের আইডি থেকে যেখানে উল্লেখ করা হয় আল কায়েদার উপমহাদেশ শাখা এই হত্যাকান্ড ঘটিয়েছে।
এতে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট গনজাগরণ মঞ্চের কর্মী-সমর্থক, রাজনৈতিক দলসহ মুক্তচিন্তার মানুষেরা। তারা বলেন দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই জঙ্গিরা মুক্তচিন্তার এসব প্রগতিশীল মানুষগুলোকে একের পর এক হত্যা করছে।
কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন বলেন- রাজিব, অভিজিত, ওয়াশিকুর বাবু আর অনন্ত হত্যার মধ্যে কোন পার্থক্য নেই। আগের হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকার কারণেই অনন্তকে প্রাণ দিতে হয়েছে।
তিনি আরও বলেন- সন্ত্রাসীরা হিটলিস্ট প্রকাশ করে এভাবে হত্যাকান্ড চালাচ্ছে; সরকার এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ।
ছাত্রনেতা প্রণব পাল বলেন- পুলিশ প্রশাসন এসব হত্যাকান্ডের আসামীদের সনাক্ত করতে না পারায় মুক্তমনা লেখক অনন্তকে প্রাণ দিতে হলো। অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানান বামপন্থী এ ছাত্রনেতা।
অনন্ত বিজয় হত্যার ধরণ ও বিভিন্ন আলামত পযৃবেক্ষণ করে পুলিশ প্রশাসন বিষয়টিকে আমলে নিয়েছেন। এবং রাজিব-অভিজিৎ-ওয়াশিকুর হত্যার একই ধরণ ছিল উল্লেখ্ করে সিলেট মেট্রাপলিটন পুলিশে এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ, বলেন- অনন্ত বিজয় হত্যাকান্ডও একই হত্যাকারীরা করে থাকতে পারে। তাই ফারাবির প্রকাশিত হিটলিস্ট ধরেই এখন থেকে সারাদেশের পুলিশ কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের গ্রেফতার করতে সমর্থ হবে পুলিশ।
এদিকে, অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটে শান্তিপূর্ণভাবে আধা বেলা হরতাল পালন করেছে গণজাগরন মঞ্চ ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। অনন্তের নিজ এলাকা সুবিদবাজারে এলাকাবাসি একই দাবিতে মানব বন্ধন করেছে।
বৃহস্পতিবার সিলেটের সকল সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠেনর সাথে মতবিনিময় ও শুক্রবার সংহতি সমাবেশ করবে তারা।
আপনার মন্তব্য