১৪ মে, ২০১৫ ১১:১৬
নিখোঁজের কয়েকমাস পর হঠাৎ করেই ভারতের মেঘলয়ের শিলং-এ খোঁজ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করতে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। ইন্টারপোলের ঢাকা ইউনিট ভারতের মেঘালয়ে পলাতক সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য দেশটিতে তাদের ইউনিটের কাছে রেড নোটিশ পাঠিয়েছে।
বিএনপি’র এই যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এরই মধ্যে মামলা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি ফৌজদারি মামলা। যাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
ইন্টারপোলের ঢাকা ইউনিট গত মঙ্গলবার সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য বার্তাটি পাঠায়। বার্তাটি মেঘালয়ে পৌঁছালে সেই মোতাবেক ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)কে জানানো হয়।
মেঘালয়ের পুলিশ প্রধান রাজিব মেহতাকে উদ্ধৃত করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
মঙ্গলবার সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ভারতের মেঘালয় থেকে তার স্বামী ফোন করেছেন, এমন খবর সাংবাদিকদের জানানোর পরপরই ঢাকায় ইন্টারপোলের ইউনিট তাদের ভারতীয় ইউনিটের কাছে গ্রেপ্তারের ওই নির্দেশনা পাঠায়।
এর আগে সোমবার সকালে মেঘালয় পুলিশ সালাউদ্দিনকে ‘সন্দেহজনক গতিবিধি’র জন্য আটক করে। এসময় তার কাছে নিজের পরিচয় নিশ্চিত করার মতো কোনও ডকুমেন্টই ছিলো না।
আপনার মন্তব্য