সিলেটটুডে ডেস্ক

১৪ মে, ২০১৫ ১৬:০১

অনন্তর ভিসা প্রত্যাখ্যানের ব্যাখ্যা দিল সুইডেন

ব্লগার, লেখক অনন্ত বিজয় দাশের ভিসার আবেদন যে প্রত্যাখান করা হয়েছিল, সমালোচনার মুখে তা স্বীকার করেছে সুইডেন।

সুইডেনে লেখকদের সংগঠন ‘পেন’ ভিসা প্রত্যাখানের বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করার পর বুধবার সুইডিশ সরকার এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়। 

ওই বিবৃতিতে বলা হয়, একটি কনফারেন্সে যোগ দিতে অনন্ত সুইডেনের ভিসা চেয়েছিলেন, যা প্রত্যাখ্যাত হয়।

“নিরাপত্তার কারণে সুইডেনে আশ্রয় চেয়ে কোনো আবেদন তিনি জানাননি।"

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষ্যে ৩ মে থেকে স্টকহোমে এই সম্মেলনের আয়োজন করে ‍সুইডিশ পেন। অভিজিত রায় ও ওয়াশিকুর রহমান খুন হওয়ার প্রেক্ষাপটে সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে অনন্ত বিজয়কে আমন্ত্রণ জানায় সংগঠনটি

সে অনুযায়ী এক মাসেরও বেশি সময় আগে পেন এর আমন্ত্রণের বিষয়টি জানিয়ে ঢাকায় সুইডিশ দূতাবাসে ভিসার আবেদন করেন অনন্ত।    

কিন্তু দূতাবাসের পক্ষ থেকে তাকে লিখিতভাবে বলা হয়, “আপনি যে ক্যাটাগরিতে ভিসার আবেদন করেছেন, তাতে সব সময়ই ঝুঁকি থাকে যে আপনি আর দেশে ফিরতে নাও পারেন। তাছাড়া যে কারণে আপনি আবেদন করেছেন তাও আপনাকে ভিসা দেওয়ার জন্য যথেষ্ট জরুরি কিছু নয়।”  

এরপর গত ১২ মে সকালে সিলেটে নিজের বাড়ি থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে চার অস্ত্রধারীর হামলায় একই কায়দায় খুন হন অনন্ত, যেভাবে গত তিন মাসের মধ্যে মুক্তমনা ব্লগের পরিচালক অভিজিৎ রায় ও অনলাইন অ্যাকটিভিস্টি ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়েছিল। 

অনন্ত হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর সুইডিশ কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয় লেখকদের সংগঠনটি। 

‘পেন’  অভিযোগ করে,  সুইডেন সরকার ভিসা দিলে অনন্ত দুই সপ্তাহ স্টকহোমে থাকতেন। অথচ তাকে বাংলদেশে নির্মমভাবে খুন হতে হল।

এ বিষয়ে সুইডিশ সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যাও দাবি করে সংগঠনটি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, সুইডিশ সরকার তাদের বিবৃতিতে অনন্ত বিজয় হত্যাকাণ্ডকে ‘খুবই মর্মান্তিক’ বলে দুঃখ প্রকাশ করেছে।

অনন্ত রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে তা মূল্যায়ন করা হত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত