১৬ মে, ২০১৫ ১৫:৩৮
ধর্মীয় উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম সহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে পুলিশ বিভাগ। এর আগে জামায়াতুল মুজাহিদিন(জেএমবি), হিজবুত তাহরীর সহ কয়েকটি সংগঠনের কর্মকাণ্ডকে রাষ্ট্র বিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল।
জামায়াতুল মুজাহিদিন(জেএমবি)র কোন তৎপরতা লক্ষ্য করা না গেলেও মাঝে মাঝে হিজবুত তাহরীরের ঝটিকা মিছিল, পোষ্টারিং , লিফলেট ছড়াতে দেখা যায়। গত শুক্রবার সিলেটের মীরাবাজারে হিজবুত তাহরীরকে একটি মসজিদের সামনে সমাবেশ করেছে বলে কয়েকটি অনলাইন গণমাধ্যম খবর প্রকাশ করে।
অপরদিকে আনসারুল্লাহ বাংলা টিম সাম্প্রতিক সময়ে তাদের কর্মকান্ড দিয়ে আলোচনায় রয়েছে। গত ফেব্রুয়ারিতে মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজৎ রায়, মার্চে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু এবং ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকায় ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির আঘাতে নির্মমভাবে খুন হন বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ।
এসব হত্যাকাণ্ডের পরপরই আনসার বাংলা-৭ এবং আনসার বাংলা-৮ নামে দুটি টুইটার একাউন্ট থেকে হত্যাকন্ডের দায় স্বীকার করে নিয়ে নিজেদের আল-কায়েদার উপমহাদেশীয় সহযোগী হিসেবে দাবি করে তারা।
পুলিশ ধারনা করছে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমই।
এদিকে ওয়াশিকুর বাবু হত্যার ঘটনায় ২ খুনিকে শিখণ্ডীরা ধরে ফেললেও অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের কাউকেই এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।
আপনার মন্তব্য