১৬ মে, ২০১৫ ১৮:০৫
২০২১ সালের মধ্যেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
শনিবার (১৬ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে উন্নয়ন ত্বরান্বিত সংস্থা আয়োজিত ভিক্ষুক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। ভিক্ষাবৃত্তির ফলে একজন ভিক্ষুক ও তার পরিবার উভয়ই সামাজিক দৃষ্টিভঙ্গিতে হেয় প্রতিপন্ন হয়। দেশ ভিক্ষুকদের কাছ থেকে কোনো সেবা পায় না।
সৈয়দ মহসিন আলী বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনে বর্তমান সরকার ব্যবস্থা নিয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভিক্ষুকরা কোনোক্রমেই তাদের এই ভিক্ষাবৃত্তির পেশা থেকে বেরিয়ে আসতে চায় না।
এ পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রী ভিক্ষুকদের সর্তক করে বলেন, আপনাদের (ভিক্ষুকদের) অবশ্যই ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। হয় এ পেশা ছেড়ে দিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যেতে হবে অথবা আপনাদের আমাদের হেফাজতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।
মন্ত্রী তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, বাংলাদেশ হচ্ছে একটি তলাবিহীন ঝুড়ি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিসিঞ্জারের কথা ভুল প্রমাণ করেছেন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যেই মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রী অসহায় নারী ভিক্ষুকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। পরে মন্ত্রী কিছু অসহায় ভিক্ষুকদের ভ্যান গাড়ি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী নূরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন ত্বরান্বিত সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
আপনার মন্তব্য