সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৫ ১৩:৪৭

বেতন বাড়লে বাড়ি ভাড়াও বেড়ে যাওয়ার শঙ্কা মুজিবুল হকের

নতুন বেতন ভাতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বেড়ে যাবে শঙ্কা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাড়ছে। কিন্তু সাধারণ শ্রমিকদের তেমন সুফল হবে না। বেতন ভাতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বেড়ে যাবে।

বুধবার সকালে ধানমণ্ডিস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজ-বিল্স কার্যালয়ে এক অনুষ্ঠানের মন্ত্রী এ শঙ্কা প্রকাশ করেন।

‘শ্রম আইন, শ্রম সংক্রান্ত নীতিমালা এবং শ্রম বিষয়ক রিপোর্টিং’ শীর্ষক সাংবাদিকদের জন্য দু’দিন ব্যাপি ওরিয়েন্টেশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে যে ভাবে কাজ করার কথা, সেভাবে করা হচ্ছে না। শ্রমিকদের সমস্যা আছে অনেক, কিন্তু সেভাবে ফোকাস হচ্ছে না। শ্রমিকদের সমস্যাগুলো যথাযথ ফোকাস হওয়া প্রয়োজন ।

শ্রমিকদের কলাণে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করে মন্ত্রী বলেন, দেশে ২৯টি শ্রম কল্যাণ কেন্দ্র আছে। সেখান থেকে শ্রমিকরা তেমন একটা সুযোগ-সুবিধা পাচ্ছে না। এগুলোকে আপডেট করা ও ডাক্তার নিয়োগের প্রত্রিয়া চলছে বলে দাবি করেন মন্ত্রী।

শ্রমিকদের চিকিৎসা সহায়তার জন্য টঙ্গী ও নারায়ণগঞ্জে দু-তিনশ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের কথা জানান।

সেমিনারে বিল্স এর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিল্স এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিল্স এর নির্বাহী পরিষদের সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শাহ মো. আবু জাফর, বিল্স এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিল্স এর এডভোকেট অফিসার নজরুল ইসলাম, সদস্য সাংবাদিক আতাউর রহমান, প্রোগ্রাম অফিসার কোহিনূর মাহমুদ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত