সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০১৫ ১২:৫৭

বোমা ফাটিয়ে ডাকাতি, নিহত ২, আহত ৬

ভোলার চরফ্যাশন উপজেলায় উত্তরফ্যাশন এলাকার গাজী বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি করেছে ডাকাতদল। এসময় ডাকাতের হামলায় ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. জাকির হোসেন (২৮) ও মো. আলাউদ্দিন (২৭)।

আহতরা হলেন- লিটন (৩২), ইদ্রিস (৩১) শরিফ (৩৩) মহিম গাজী (৮০), রুবেল এবং (২৫), শহীদ (৫৫)। আহতদের চরফ্যাশন, ভোলা ও বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের সন্ধানে অভিযানে নেমেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাড়ির মালিক আহত শহীদ গাজী জানান, রাত ১১টায় প্রচণ্ড গরমের কারণে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির পুকুর পাড়ের পাকাঘাটে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ করে ৫/৬ জন মুখোশধারীসহ ২০/২৫ জনের একটি দল তাদের ঘিরে ফেলেন ও বাড়ির অন্যান্য ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার লুট করেন। এসময় বাধা দিতে এলে তারা নারী পুরুষসহ ৮/৯ জনকে কুপিয়ে জখম করেন। আশপাশের মানুষ টের পেয়ে ছুটে এলে ডাকাতদল বোমা ফাটাতে থাকেন। আহতদের মধ্যে মহিম গাজী (৮০), রুবেল (২৫), শহীদের (৫৫) অবস্থা আশঙ্কাজনক।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত