নিউজ ডেস্ক

০৭ জুন, ২০১৫ ১২:৩৬

ছিটমহলে উড়ল বাংলাদেশের পতাকা

স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময়ের পর পঞ্চগড়ে ভারতীয় দুটি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার গারাতি ও শালবাড়ি এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর আগে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা কক্ষে এই দলিল বিনিময়ের সময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

২০১১ সালে ভারত ও বাংলাদেশর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শুমারির তথ্য মতে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে, এতে রয়েছে ৩৭ হাজার মানুষের বাস।

অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দা ১৪ হাজার। এর মধ্যে পঞ্চগড় জেলায় ৩৬টি ভারতীয় ছিটমহল রয়েছে।

পঞ্চগড় জেলা ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির চেয়ারম্যান মফিজার রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা স্থানীয়দের সঙ্গে নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় জাতীয় পতাকা হাতে নিয়ে একটি আনন্দ মিছিল ছিটমহলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং গারাতি এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার শালবাড়ি ছিটমহলের বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত