নিউজ ডেস্ক

১৩ জুন, ২০১৫ ১৯:৩৬

রাজধানীতে জোড়া খুন: সাংসদ পুত্র রনি কারাগারে

রাজধানীর মগবাজারে জোড়া খুনের ঘটনায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি জামিন আবেদন বিষয়ে শুনানির জন্য ১৬ জুন দিন ধার্য করেন।
 
এর আগে চার দিনের রিমান্ড শেষে বখতিয়ারকে আদালতে হাজির করা হয়। এ সময় নতুন করে রিমান্ড না চেয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী অ্যাডভোকেট শওকত ওসমান জামিন আবেদন করেন।
 
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস সাংবাদিকদের এ তথ্য জানান।
 
রনির বিরুদ্ধে অভিযোগ, গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটন রোডে যানজটে পরে বিরক্ত হয়ে তিনি এলোপাতাড়ি গুলি চালান। এতে রিকশাচালক আবদুল হাকিম ও জনকণ্ঠের অটো রিকশাচালক ইয়াকুব আহত হন। পরে ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে একটি প্র্যাডো গাড়ি (ঢাকা মেট্রো ঘ- ৩-৬২৩৯) শনাক্ত করা হয়। ওই গাড়ি থেকে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চালক ইমরানকে গ্রেফতার করে ডিবি। এরপর ইমরানের জবানবন্দিতেই জোড়া খুনের রহস্য উন্মোচিত হয়।
 
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইমরান। পরে জোড়া খুনে জড়িত থাকার অভিযোগে গত ৩১ মে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত