নিউজ ডেস্ক

১৫ জুন, ২০১৫ ১৩:৪২

পরীক্ষা ছাড়া ভর্তির নীতিমালা কেন কর্তৃত্ববহিভূর্ত নয়: হাই কোর্ট

পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার আটটি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার এই রুল জারি করে।

ইউনুছ আলী নিজেই তার আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

আদেশের পর ইউনুছ আলী বলেন, শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে শিক্ষা মন্ত্রণালয় গত ১ জুন এই নীতিমালা প্রকাশ করে। এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে ৬ জুন থেকে ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।

ইউনুছ আলীর আবেদনে বলা হয়, ওই নীতিমালার আটটি ধারা সংবিধানের ৭, ২৬,২৭, ২৮, ৩১, ৪০, ১৯ অনুচ্ছেদের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং ২০১০ সালের জাতীয় শিক্ষা নীতিমালার অধ্যায় ৪ এর ‘পরিপন্থী’।

মোখলেসুর রহমান  বলেন, “আদালত কেবল রুল জারি করেছেন, কোনো স্থগিতাদেশ দেননি। সুতরাং ওই নীতিমালা অনুযায়ী ভার্তি কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই।”

আপনার মন্তব্য

আলোচিত