নিউজ ডেস্ক

১৬ জুন, ২০১৫ ১৩:৪৫

সরকারের পৃষ্ঠপোষকতায় অনন্ত বিজয় খুন হয়েছে : ইমরান এইচ সরকার

সরকার ও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ব্লগার অনন্ত বিজয় দাস খুন হয়েছে বলে দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, একদিকে ব্লগারদের খুনিরা গ্রেপ্তার হচ্ছে না, অন্যদিকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজিব হত্যার খুনিদের রাতের আঁধারে জামিন দিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। এসব হত্যাকারীদের রাষ্ট্র ও সরকারই পৃষ্ঠপোষকতা করছে।

ডা. ইমরান এইচ সরকার অভিযোগ করেন, সরকারের ভেতরের লোকেরাই পাহারা দিয়ে এসব খুন করাচ্ছে এটা এখন স্পষ্ট। তা না হলে এত খুন সম্ভব নয়। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকাদের পৃষ্ঠপোষকতাই খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি আরো বলেন, নতুন নতুন ইস্যু সৃষ্টি করা হচ্ছে এসব ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। হয়তো আরেকটা নতুন নাটক সাজিয়ে খুনিদের ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সেটা দুই দিন পরেই করা হতে পারে।

ইমরান বলেন, হুমায়ুন আজাদ হত্যার বিচার হলে ব্লগার রাজীব হত্যা হতো না। রাজীব হত্যার বিচার হলে অভিজিৎ, বাবু ও বিজয় হত্যা হতো না। এভাবেই সবাইকে হত্যা করা হচ্ছে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, এভাবে চলতে থাকলে হয়তো এমন একদিন আসবে যেদিন নিরাপত্তার জন্য বাংলাদেশের সবাইকে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের মতো অস্ত্র হাতে নিতে হবে। রাষ্ট্র এখন ব্যর্থতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

আজ বুধবার বিকেলে ইমরান এইচ সরকার ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়াও বক্তব্য দেন ফেরদৌসি প্রিয়ভাষিণী, নারী নেত্রী খুশি কবির, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শম্পা বসু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।

সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে আবারো শাহবাগে এসে শেষ করে।

আপনার মন্তব্য

আলোচিত