নিউজ ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৯:৫৫

নাশকতার তিন মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল : মুক্তি পেতে আর বাধা নেই

ফাইল ছবি

নাশকতার তিন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে তার মুক্তি পেতে আর কোনো বাধা রইলোনা বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ পল্টন থানার তিন মামলায় ফখরুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।

এই বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমকে জানান, এই তিন মামলাসহ নিয়ে ফখরুলের বিরুদ্ধে সাতটি মামলাতেই আদালত জামিন মঞ্জুর করেছেন।

অপর আইনজীবী সগীর হোসেন লিওন জানান, স্বাস্থ্যগত দিক বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করা হয়। এ তিন মামলায় কেন ফখরুলকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি দিয়েছে। ঢাকার জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। এ সময় আবেদনকারীর পক্ষে ব্যরিস্টার রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী, রাগীব রউফ চৌধুরী ও সগীর হোসেন লিওন প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

গত ছয় মাস ধরে কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

গত ৫ জানুয়ারী বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পরদিন জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন এই বিএনপি নেতা। পরে নাশকতার সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে গত ৪ জানুয়ারি বাসে আগুন দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতির অভিযোগে পল্টন থানায় একটি মামলা করে পুলিশ। ৬ জানুয়ারি বাসে আগুন ও মটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় আরও দুটি মামলায় হয়।

এ তিন মামলায় হাকিম ও জজ আদালতে জামিন নামঞ্জুর হলে গত ১৪ জুন হাই কোর্টে আবেদন করেন ফখরুলের আইনজীবীরা। রোববার শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।

এর আগে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৬ জানুয়ারি করা এক মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট মির্জা ফখরুলকে ছয় মাসের অন্তর্তীকালীন জামিন দেয়।

এছাড়া একই ধরনের অভিযোগে পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার একটি মামলায় গত ১৮ জুন হাই কোর্ট থেকে জামিন পান এই বিএনপি নেতা।

কারাগারে অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে গত ১৩ জুন ফখরুলকে কাশিমপুর থেকে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত