সিলেটটুডে ডেস্ক

২৩ জুন, ২০১৫ ০০:৪৩

ইসির প্রজ্ঞাপন: জাতীয় পরিচয়পত্র নবায়নে ফি লাগবে

নির্বাচন কমিশন কর্তৃক সোমবার জারিকৃত এক প্রজ্ঞাপনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নতুন ফি ধার্য করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ি প্রথমবার বিনামূল্যে পেলেও জাতীয় পরিচয়পত্র হারালে, নষ্ট হলে বা সংশোধনের জন্য গ্রাহককে ফি দিয়ে নতুন পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

এছাড়াও তথ্য ভান্ডার থেকে তথ্য যাচাই করতে র‍্যাপিড অ্যাকশন বাটালিয়ান (র‍্যাব) ও পুলিশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে ১০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কয়েক ধাপে ফি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে কার্যকর করার কথা জানিয়ে বলা হয়েছে, ৩১ আগষ্ট পর্যন্ত আগের মতই বিনামূল্যে এ সুবিধা পাওয়া যাবে। এরপর থেকে ফি কার্যকর হবে। তবে নতুন ভোটাররা প্রথমবারের মত পরিচয়পত্র পাবেন বিনামূল্যেই।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরী ও পরিচয়পত্র বিতরণ কাজ শুরু হলেও এতদিন তা বিনামূল্যেই করা হত। বর্তমানে ইসির তথ্যভাণ্ডারে দেশের ৯ কোটি ৬২ লাখের মতো ভোটারের তথ্য রয়েছে। অগাষ্ট থেকে এসব নাগরিককে উন্নত মানের স্মার্ট আইডি কার্ড দেওয়ার কথা রয়েছে। আগামী বছরের শুরুতে আবার ভোটারযোগ্যদের নিবন্ধন তথ্য সংগ্রহ শুরু হবে। আঠারোর কম বয়সীদের তথ্য সংগ্রহের পরিকল্পনাও রয়েছে ইসির।

ইসি সচিবালয় থেকে জানা গেছে, প্রথমবার বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র পাবে নাগরিকরা। এ কার্ডের মেয়াদ হবে ১৫ বছর। নির্ধারিত সময়ের পর এ জাতীয় পরিচয়পত্র নবায়নেও ফি দিতে হবে। এছাড়া ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহ, সংশোধনে কমপক্ষে ২০০ টাকা এবং দ্বিতীয় ও তার পরের বার থেকে সর্বোচ্চ এক হাজার টাকা করে ফি দিতে হবে। ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পরিশোধ করতে হবে।

সেপ্টেম্বরে থেকে ব্যক্তিগত ফি দিতে হলেও সরকারি সংস্থা ও বিধিবদ্ধ কর্তৃপক্ষের সঙ্গে ইসির চুক্তির এককালীন চার্জ এখন থেকে কার্যকর হবে। এক্ষেত্রে নিবন্ধন তথ্য যাচাই ও তথ্য সরবরাহে ইসি এককালীন ৫ লাখ টাকা ফি নেবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে ইসির দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ইসি।

আপনার মন্তব্য

আলোচিত