নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৫ ২০:১২

পেট্রোল বোমা হামলাকারীদের গুলি করবে বিজিবি, বিএনপির উদ্বেগ

পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে প্রয়োজনে গুলি করার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন- বিজিবির এই ঘোষণা  সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী।
বিবৃতিতে সেলিমা রহমান বলেন- বিজিবি মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবার যে নির্দেশ দিয়েছেন আমারা তাতে গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে প্রয়োজনে বিজিবি সন্ত্রাসীদের রুখতে গুলি করবে বলে ঘোষণার সাথে সাথে বিএনপি এই প্রতিক্রিয়া জানালো।
সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেন- বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যেকোনো আক্রমণ প্রতিহত করবে বিজিবি।
তিনি আরও জানান- ৩৫টি জেলা প্রশাসক বিজিবি মোতায়েনের জন্য আবেদন করেন। বর্তমানে ১৭টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা যাচাই করে বিজিবি মোতায়েন করা হয়। কিছু কিছু জায়গায় বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, প্রয়োজনে নামানো হবে।
অবরোধের কারণে রাস্তায় যান চলাচলেও নিরাপত্তা দিচ্ছে বিজিবি। জনগণকে ‘সেন্স অব সিকিউরিটি’ দেওয়ার জন্য যতদিন দরকার ততদিন বিজিবি মাঠ পর্যায়ে কাজ করে যাবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, সীমান্ত পাহারা বিজিবির প্রধান কাজ হলেও আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করাও বিজিবির দায়িত্ব।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন- জানমালের নিরাপত্তায় বিজিবি সদস্যরা অবশ্যই অস্ত্র ব্যবহার করবেন। কেউ পেট্রোল বোমা ব্যবহারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বসে থাকবেন না। জানমালের নিরাপত্তায় তারা তখন অবশ্যই অস্ত্র ব্যবহার করবেন।



আপনার মন্তব্য

আলোচিত