২৪ জুন, ২০১৫ ০২:৫৩
ডয়চে ভেলের দ্য ববস জুরি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন মুক্তমনা ব্লগের বন্যা আহমেদ৷ ২০১৫ সালের ২২ থেকে ২৪ জুনের মধ্যে আয়োজিত “গ্লোবাল মিডিয়া ফোরাম” নামক আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সের অনুষ্ঠানের সময়ে ২৩ জুন তিনি জার্মানির বন শহরে এ পুরস্কার গ্রহণ করেন।
গত ২৬ ফেব্রুয়ারি একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে জঙ্গি মৌলবাদীদের চাপাতির আঘাতে খুন হওয়া বিজ্ঞান লেখক ব্লগার ড. অভিজিৎ রায় এবং তাঁর নিজের কাজের স্বীকৃতি হিসেবে মুক্তমনাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷
বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিতে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিরলস কাজ করে যাচ্ছে মুক্তমনা ব্লগ৷ আর সেই কাজের জন্য চড়া মূল্যও দিতে হয়েছে সাইটটিকে৷ গত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মুক্তমান ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়কে৷ একুশে বইমেলায় নিজের বই প্রকাশকে কেন্দ্র করে সেসময় যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ঢাকায় গিয়েছিলেন তিনি৷
হামলায় গুরুতর আহত হন রায়ের স্ত্রী এবং সহব্লগার বন্যা আহমেদ৷ তাঁর মাথা এবং ঘাড়ে একাধিক গভীর ক্ষত সাক্ষ্য দিচ্ছে জঙ্গি মৌলবাদীরা খুন করতে চেয়েছিল তাঁকেও৷ তাঁর হাতের একটি আঙুল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে৷ পুলিশ সেই আঙুল ঠিকভাবে সংরক্ষণ না করায় পরবর্তীতে আর জোড়া লাগানো যায়নি৷ তবে হাতের ক্ষতের চেয়ে মাথায় আঘাতই আহমেদকে ভোগাচ্ছে বেশি৷ অত্যন্ত দৃঢ় মনোবলের এই নারী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তাঁর স্বামীর কর্মকাণ্ড এগিয়ে নেয়ার৷
গত মাসে ডয়চে ভেলে’র পার্টনারশিপ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট এর প্রধান আডেলহাইড ফাইলকে সাক্ষরিত এক চিঠিতে ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে এই পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়- ডয়চে ভেলে ২০০৯ সাল থেকে বাংলাদেশে ব্লগারদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় নির্মমভাবে নিহত হওয়ার পর ডয়চে ভেলের প্রধান সম্পাদক Alexander Kudascheff এটিকে “একটি জঘন্য অপরাধ” বলে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন, “বাংলাদেশে বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতায় অনেক সীমাবদ্ধতা আছে। যেসব সাহসী সাংবাদিক ও লেখক ধর্ম প্রসঙ্গে সমালোচনামূলক অবস্থান গ্রহণ করেন তাদেরকে সহিংসতার শিকার হতে হয় এবং সর্বদা আতঙ্কের মধ্যে থাকতে হয়। সুতরাং, যাদের কণ্ঠ বাংলাদেশে শোনা যায় না তাদেরকে একটি প্লাটফর্ম দেয়ার জন্য ডয়চে ভেলে তার বাংলা সার্ভিসের মাধ্যমে কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ডয়চে ভেলের দ্যা ববস প্রতিযোগিতায় মুক্তমনা ব্লগ তথা রাফিদা বন্যা আহমেদের ব্লগকে মনোনয়ন দেয়া হয়। ২ মে শনিবার দ্যা ববস-এর বিচারকরা বার্লিনে এক বৈঠকে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করেন৷
আপনার মন্তব্য