সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০১৫ ১৩:২৫

শিক্ষায় ১০% কর উন্নয়নবিরোধী : হানিফ

শিক্ষার ওপর ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে যে ১০ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে তা বর্তমান সরকারের উন্নয়নকাণ্ডের বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ কারণে শিক্ষার উপর মূল্য সংযোজন কর আরোপের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় হানিফ এসব কথা বলেন।

তবে যে সব মানুষের মধ্যে কর ফাঁকি দেয়ার প্রবণতা রয়েছে, তাদের কাছ থেকে কর আদায় ও তাদের ধরে অতিরিক্ত জরিমানা আদায়ের প্রস্তাবকে স্বাগত জানান হানিফ। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কর ফঁকি দেয়ার একটা প্রবণতা রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। এদের করের আওতায় আনতে সরকারের যে প্রচেষ্টা তা প্রসংশনীয়।’

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে না পারার জন্য তিনি বিনিয়োগ বোর্ডকে দায়ী করে বলেন, ‘এর দায় বোর্ডকেই নিতে হবে। বোর্ডকে ঢেলে সাজাতে হবে। কারণ এরা বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারছে ন।’

সরকারী বিনিয়োগ না বাড়লে বেসরকারী বিনিয়োগও বৃদ্ধি পাবে না বলে জানান তিনি।

তিনি জানান, ৬১টি আলাদা শিল্পাঞ্চল গড়ার যে পরিকল্পনা নেয়া হয়েছে তা বাস্তবায়িত হলে এখান থেকে ৪ হাজার কোটি ডলার আয় হবে যা বাংলাদেশী টাকায় ৩ লাখ ২২ হাজার কোটি টাকা। আর এ অংক এবারের বাজেটের চেয়েও বেশি। এখানে কর্মসংস্থান হবে ১ কোটি মানুষের। এই বাস্তবতা প্রমাণ করবে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠছে।

বাজেটে নারীদের উন্নয়নে বরাদ্দকৃত ৮০ কোটি টাকাকে বাড়িয়ে ৩০০ কোটি করার আহ্বান জানান হানিফ।

আপনার মন্তব্য

আলোচিত